কোম্পানিও গঠন করতে পারবে বিআরটিএ
কোম্পানি গঠনের বিধান রেখে বিআরটিএ নামে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যাতে পরিবহন কর্তৃপক্ষ সবল হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা আইনটি অনুমোদনের তথ্য সাংবাদিকদের জানিয়ে বলেন, বিআরটিএর বর্তমান আইনের ভিত্তি খুব সবল নয় বলে এই উদ্যোগ।
১৯৮৩ সালের মটরযান অর্ডিন্যান্সের মাধ্যমে সড়ক পরিবহন সংক্রান্ত বিষয়গুলো পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এখন পরিবহন খাতে উন্নয়নের পাশাপাশি এর বিস্তৃতি হয়েছে, তাই অর্ডিন্যান্স আর পর্যাপ্ত নয়।
“কাজেই সড়ক পরিবহন কর্তৃপক্ষকে কার্যকরভাবে কাজ করতে গেলে এর আইনি কাঠামোটিকে শক্তিশালী করার প্রয়োজন আছে। সেই জন্যই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই বিস্তৃত আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে ক্ষমতা দেওয়া হয়েছে তারা চাইলে ভবিষ্যতে এর আওতায় কোম্পানি গঠন করতে পারবে। তবে এ মুহূর্তে এটি কোম্পানি হচ্ছে না।
মটরযান ও সড়ক পরিবহন ব্যবস্থাকে পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর, টেকসই, পরিবেশ বান্ধব এবং দক্ষতর করে তোলাই নতুন আইন প্রণয়ণের লক্ষ্য।
বর্তমান অর্ডিন্যান্সে সড়ক পরিবহন সংক্রান্ত চারটি ধারা রয়েছে। নতুন আইনে ২৮টি ধারা ও ৭২টি উপধারা রয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
বিআরটিএ ভবন
এর মধ্যে কর্তৃপক্ষ, কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের গঠন, উপদেষ্টা পরিষদের কার্যাবলী, লক্ষ্য-উদ্দেশ্য, প্রশাসন কীভাবে পরিচালিত হবে, বিভিন্ন কমিটি গঠনের ক্ষমতা, বাজেট, হিসাব ও অডিটের বিষয়গুলো রয়েছে।
আইন অনুযায়ী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা পরিষদের প্রধান হবেন। এই পরিষদে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মেয়র, কয়েকটি মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী চেয়ারম্যান, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সদস্য থাকবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে প্রশাসন পরিচালনা করবে পরিচালনা পর্ষদ, যার প্রধান হবেন চেয়ারম্যান।
পরিচালনা পর্যদে কয়েকজন সার্বক্ষণিক পরিচালক ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে কয়েকজন খণ্ডকালীন পরিচালকও রাখা হবে।
