বিয়ানীবাজারে ২ আসামি ছিনতাই, আহত ৪ পুলিশ
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনতাই মামলার দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে বিয়ানীবাজারের পাড়িয়াবহর গ্রামে এ ঘটনায় চার পুলিশ সদস্য আহতও হন বলে জানান মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান।
ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন ওসমান মিয়া ও মোড়ল।
আহতরা হলেন- বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন, এসআই বিকাশ চন্দ্র দাশ, কনস্টেবল সাব্বির আহমদ ও বিয়ানীবাজার থানার এসআই জহিরুল ইসলাম।
আকবর ও জহিরুলকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাশ ও সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি মনিরুজ্জামান।
তিনি আরও জানান, রোজার ঈদের এক সপ্তাহ আগে বড়লেখা উপজেলার লঘাটি গ্রামে একটি ছিনতাই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) আনা আসামি ওসমান মিয়াকে সঙ্গে নিয়ে আরেক আসামি মোড়লকে গ্রেপ্তারে পাড়িয়াবহর গ্রামে যায় পুলিশ।
“মোড়লকে তার বাড়ি থেকে নিয়ে ফেরার পথে তাদের সহযোগীরা পুলিশের পিকআপ ভ্যানে হামলা চালিয়ে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়।”
তিনি জানান, পরে খবর পেয়ে বিয়ানীবাজার ও বড়লেখা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে মনিরুজ্জামান বলেন, দুই ছিনতাইকারী ও হামলাকারীদের ধরতে পুলিশ সোমবার ভোর থেকে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
