খুলনা স্টেডিয়ামের নৈশ প্রহরী খুন
খুলনা জেলা স্টেডিয়ামের নৈশ প্রহরী আব্দুল জলিলকে (৬০) মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে স্টেডিয়াম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করা হয়েছে।
নিহত জলিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন এলাকার মৃত গফুর খানের ছেলে। তিনি স্টেডিয়ামের একটি ঘরে থাকতেন বলে পুলিশ জানায়।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ফুলের টব, শাবল ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্টেডিয়ামের সংস্কার কাজে নিয়োজিত ১১ জন শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, রোববার রাত ১২টা থেকে সোমবার ভোরের মধ্যে কোনো এক সময় জলিলকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
