২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যামামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

সাক্ষীদের অনুপস্থিতির কারণে পিছিয়ে গেছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 01:27 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও বাদীপক্ষ সাক্ষীদের হাজির করতে না পারায় আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালতের বিচারক মকবুল আহসান।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়েছিল।

আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ লালা সাংবাদিকদের বলেন, “বাদীপক্ষ আদালতে সাক্ষীদের উপস্থিত করতে পারেননি। তাই সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।”

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর বলেন, “প্রথম তারিখ, তাই সাক্ষীদের হাজির করা সম্ভব হয়নি। পরবর্তী তারিখে সাক্ষীদের হাজির করা হবে।”

সাক্ষ্যগ্রহল না হলেও আসামি আরিফুল হকের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে মেডিকেল বোর্ডের প্রতিবেদন এবং হবিগঞ্জের বরখাস্ত মেয়র জি কে গউছের জামিন আবেদনের শুনানি হয়েছে।

আদালত পরে এ বিষয়ে আদেশ দেবে বলে পিপি কিশোর কর জানান।

আসামিদের মধ্যে গ্রেপ্তার ১৪ জন এবং জামিনে থাকা আটজনের সবাই উপস্থিত ছিলেন। এ মামলায় ১৭১ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

তিন দফা তদস্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।

এরপর আরিফুল ও গউছ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠান। সরকার তাদের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।