২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতী ও ঘাটাইলের ওসি প্রত্যাহার

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় কালিহাতী ও ঘাটাইলের ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 11:54 AM

Updated : 22 Aug 2022, 01:16 PM

গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জমিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘাটাইল থানার ওসি মোখলেসুর রহমান ও কালিহাতীর শহীদুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকা ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত শুক্রবার কালিহাতীর ওই ঘটনার পর এ পর্যন্ত পুলিশের ৯ জন সদস্যকে প্রত্যাহার করা হল।

এর আগে গত শনিবার কালিহাতীর তিনজন উপ-পরিদর্শক ও চার কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মৃত্যু হয় আরেকজনের।

তাদের সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দেন।

এরপর পুরো ঘটনা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। অন্যদিকে পুলিশের উপর হামলার অভিযোগে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয় থানায়।

পুলিশ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মোখলেছুর রহমান বলেছেন, সেদিনের সংঘর্ষের ঘটনার পেছনে ‘তৃতীয় কোনো বিষয়’ থাকতে পারে বলে তিনি মনে করছেন। অন্যদিকে নিহতদের পরিবারের সদস্যরা পুলিশকেই দায়ী করছেন।