বিটিসিএলের বদনামের কারণ দুর্নীতিবাজ কর্মকর্তা: তারানা
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিটিসিএলের বদনামের জন্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রোবববার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)প্রধান কার্যালয় পরিদর্শনে যান তারানা।
দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবার মনোভাব নিয়ে তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিটিসিএল একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেবার মাধ্যমেই এ প্রতিষ্ঠানকে জনগণের সন্তুষ্টি অর্জন করতে হবে এবং বিটিসিএলকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
“কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে বিটিসিএলের বদনাম আছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।।”
কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ করলে বিটিসিএলকে লোকসানের হাত থেকে বেরিয়ে আসবে বলেও মনে করেন তারানা।
ডাক ও টেলিযোগযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
