বরিশালে ধর্ষককে যাবজ্জীবন সাজা
বরিশালে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের।
আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের ১৭ জানুয়ারি রিপন প্রতিবেশি ওই শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রকাশ পায় ঘটনাটি। ২০ জানুয়ারি শিশুটির বাবা রিপনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিয়ার রহমান রিপনকে অভিযুক্ত করে একই বছরের ৭ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয়।
বিচারক ১৪ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্য নিয়ে এ রায় দেন বলে জানান আজিবর।
