২৫ জনকে কামড়ানোর পর ৪ কুকুরকে পিটিয়ে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কুকুরের কামড়ে ২৫ জন আহত হওয়ার পর চারটি কুকুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় চরপানিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও এলাকাবাসী জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উলফাত আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ২১ জনকে ঢাকার মহাখালী পাবলিক হেল্থ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সন্ধ্যার আগে গ্রামের পূর্ব দিকে একটা কুকুর প্রথমে এক নারীকে কামড়ে আহত করে বলে জানান ওই গ্রামের বাসিন্দা স্বাস্থ্য সহকারী আব্দুল কাদের।
“এ ঘটনায় গ্রামের লোকেরা টেটা-জুইতা নিয়ে ওই কুকুরকে ধাওয়া করে। কিন্তু অন্য একটা কুকুর সামনে পেয়ে তাকে হত্যা করে এবং আরও কয়েকটা কুকুরকে ধাওয়া করে। এ সময় আতঙ্কিত কুকুরগুলো যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে মাংস তুলে নিয়েছে।”
রাত পর্যন্ত গ্রামবাসী চারটি কুকুর হত্যা করে এবং ছয়-সাতটি কুকুর মিলে ২১ জনকে কামড়ে জখম করে বলে জানান স্বাস্থ্য সহকারী আব্দুল কাদের।
