২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাজী-নথিতে ‘রহস্য’ কাটছে না

ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা সুভাষ চন্দ্র বসু ‘বিমান দুর্ঘটনায়’ নিখোঁজ হওয়ার পর যে ‘রহস্যের’ সূচনা হয়েছিল, ৭০ বছর পর প্রকাশিত সেই সময়ের পুলিশি নথিতেও তার মীমাংসা মিলছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 08:15 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

পশ্চিমবঙ্গে সুভাষ বসুর গোপন নথি প্রকাশ

শুক্রবার কলকাতায় যে ৬৪টি ফাইল প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ১৯৪৬ সালে ভিয়েনা থেকে নেতাজীর স্ত্রী এমিলি শেঙ্কলের লেখা একটি চিঠি নিয়ে পুলিশের একটি মেমোও রয়েছে।

গুরুত্বপূর্ণ একটি অংশে ছেঁড়া ওই নথির ছবি তুলে ধরে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, “তাহলে ১৯৪৫ সালে ওই বিমান দুর্ঘটনায় নেতাজী মারা গিয়েছিলেন বলেই কি তার স্ত্রীর ধারণা হয়েছিল?”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কলকাতা পুলিশের সংগ্রহশালায় থাকা ওই ৬৪টি ফাইল প্রকাশ করার পর শনিবার তার বেশিরভাগই দেখেছেন নেতাজীর ভাইপোর স্ত্রী কৃষ্ণা বসু।

তাকে উদ্ধৃত করে আনন্দবাজার লিখেছে, “লোকের মনে যে পরিমাণ প্রত্যাশা জাগানো হয়েছিল, তিনি বিমান দুর্ঘটনার পর সন্ন্যাসী হয়ে গিয়েছেন বা রাশিয়া চলে গিয়েছেন, সেই সব তথাকথিত রহস্যের কিছুই (সেখানে) নেই।”

সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব দেওয়া সুভাষ বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ ফৌজ গড়ে জাপানের সহযোগিতায় ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে সশস্ত্র লড়াইয়ে নেমেছিলেন।

১৯৪১ সালে ভারতে গৃহবন্দিদশা থেকে নেতাজী পালিয়ে যান এবং এরপর তার ভাগ্যে ঠিক কী ঘটেছিল, তা আজও এক রহস্য।

ইতিহাসবিদ সুগত বোস তার ‘হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট’ বইয়ে লিখেছেন, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে, যদিও এ বিষয়ে অকাট্য কোনো প্রমাণ কোথাও মেলেনি।

নেতাজীর মৃত্যুরহস্যের অনুসন্ধানে তিনটি কমিশনও হয়েছিল, কিন্তু রহস্যের মীমাংসা হয়নি। কেউ বলেছেন, সার্বিয়ায় রাশিয়ান বন্দি হিসাবে ছিলেন নেতাজী। আবার অনেকের ধারণা, শেষ দিনগুলো ভারতেই লুকিয়ে কাটিয়েছেন তিনি। নেতাজীর মৃত্যু হয়নি- এমন বিশ্বাসও অনেকের মধ্যে প্রবল। 

প্রকাশিত নথির মধ্যে পুলিশের যে মেমোতে নেতাজীর স্ত্রী এমিলি শেঙ্কলের লেখা চিঠির কথা এসেছে, তার উপরের ডান দিকে তারিখ দেওয়া হয়েছে ৪ জুন ১৯৪৬। নেতাজীর বড় ভাই শরৎচন্দ্র বসুকে ওই চিঠি লেখা হয়েছিল।

নিচে বাঁ দিকের একটি অংশ ছেঁড়া ওই মেমোর শেষ প্যারার শুরু হয়েছে এভাবে- ‘এমিলি শেঙ্কল কোয়াইট’। এরপরের খানিকটা অংশ হারিয়ে গেছে।

ছেঁড়া অংশ শেষে লেখা আছে- “লি বিলিভস দ্যাট সুভাষ বোস ইজ ডেড। ফ্রম দ্য”, ছেঁড়ার কারণে আবার বিরতি, এরপর “টোন অ্যান্ড ম্যানার অব রাইটিং অফ দি লেটার”, আবার বিরতি, এবং শেষ দুটি শব্দ, “বি জেনুইন।”

ভারতের অশোক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিহাসবিদ রুদ্রাংশু মুখার্জির বিশ্বাস, মেমোর বিশেষ অংশগুলো ইচ্ছাকৃতভাবে ছেঁড়া হয়নি।   

তাকে উদ্ধৃত করে এনডিটিভি লিখেছে, “আসলে এই মেমোতে বলা হয়েছে, চিঠিতে তিনি (এমিলি) নিজেকে সুভাষ বসুর বিধবা স্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এবং তিনি বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যুর খবর শুনে শোকার্ত ছিলেন। হ্যাঁ, এটি (মেমো) ছেঁড়া। তবে এটা হয়তো ইচ্ছাকৃত নয়। মহাফেজখানার অনেক নথিরই এই দশা হয়।”

‘নেহেরু অ্যান্ড বোস: প্যারালাল লাইভস’ বইয়ের লেখক রুদ্রাংশুর প্রশ্ন- “একজন মানুষ ১৯৪৫ সালে নিখোঁজ হলেন। বেঁচে থাকলে তিনি স্ত্রী বা মেয়ের সঙ্গে যোগাযোগ করতেন না? যদি সত্যিই তা হয়, তাহলে তার মানবিক গুণ সম্পর্কে আমরা কি জানতে পারছি? যারা বিশ্বাস করেন যে নেতাজীর মৃত্যু হয়নি, তারা কি এ প্রশ্নের জবাব দিতে পারবেন? তাছাড়া এমিলি শেঙ্কল ১৯৪৬ সালেও বেঁচে ছিলেন এবং বিমান দুর্ঘটনায় সুভাষ বসুর মৃত্যুর খবর তিনি বিশ্বাস করেন না- এমন কথা তিনি কখনোই বলেননি।”

নেতাজীর ভাইপোর স্ত্রী কৃষ্ণা বসুর বক্তব্যও অনেকটা রুদ্রাংশুর মত।

নেতাজী রিসার্চ ব্যুরোর প্রধান কৃষ্ণা এনডিটিভিকে বলেন, “ভিয়েনার রান্নাঘরে কাজ করার সময় কাকীমা হঠাৎ রেডিওতে শুনতে পান- ‘সুভাষ চন্দ্র বোস ডায়েড ইন অ্যান এয়ার ক্র্যাশ’- সে কথা তিনি আমাদের বলেছিলেন। আমরা জানতাম, ওই মুহূর্তে এবং পরে সেটাই তিনি বিশ্বাস করেছিলেন। তারপরও সবসময়ই তিনি আশায় ছিলেন। আশা করাটাই ছিল স্বাভাবিক।”

কৃষ্ণা বসুর ছেলে অধ্যাপক সুগত বসুর লেখা ‘হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট’ বইয়ে শেঙ্কলের সঙ্গে তার আইরিশ বান্ধবী ই উডসের পত্রালাপের অংশবিশেষ তুলে ধরা হয়েছে।

বইয়ের একটি জায়গায় লেখা হয়েছে, “মিসেস উড মনে করেছিলেন, সুভাষ বোসের মৃত্যুর খবর সঠিক নাও হতে পারে। জবাবে শেঙ্কল তাকে লিখেছিলেন, “স্যরি, আমি তোমার মত আশাবাদী হতে পারছি না। আমার কেন যেন মনে হয়, সে আর নেই। এটা যদি সত্যি না হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।”

নথি প্রকাশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, তিনি প্রকাশিত নথির কয়েকটি পাতা পড়েছেন, যেখানে ১৯৪৫ সালের অগাস্টের পরও নেতাজীর বেঁচে থাকার ইঙ্গিত মেলে।

১৯৪৮ সালের ৫ মার্চ নেতাজীর ভাতিজা অমিয়নাথ বসুকে নয়াদিল্লির তথ্য ও সম্প্রচার দপ্তরের চীনা কর্মী চৌ হুয়াও কুংয়ের লেখা

একটি চিঠির কথা এসেছে কলকাতার আনন্দবাজার পত্রিকায়।

ওই চিঠিতে চৌ হুয়াও কুং লিখছেন, ‘‘আমি এখনও বিশ্বাস করি, উনি বেঁচে আছেন।’’

কিন্তু ওই ফাইলেরই আরেকটি নথির কথা তুলে ধরে আনন্দবাজার লিখেছে, “১৯৪৭ সালের ১৬ নভেম্বর নিমতলাঘাট স্ট্রিটের কাছে সুভাষ বসুর মূর্তি উদ্বোধন হচ্ছে। আজাদ হিন্দ বাহিনীর শাহনওয়াজ খান সেই মূর্তিকে স্যালুট করেছেন, শহীদদের স্মরণে সমবেত জনতা দু’ মিনিট নীরবতা পালন করেছে।”

২৮ নম্বর ফাইলের নথির বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, “১৯৪৬ সালে কলকাতায় আজাদ হিন্দ দিবসে সুভাষের ছবিতে মালা পরিয়ে মিছিল করা হল। শহরের বিভিন্ন প্রান্তে বাজিয়ে শোনানো হল তার তিন বছর আগের বক্তৃতা।... মারা না-গেলে মাল্যদান বা শহীদ স্মরণে নীরবতা পালন হতে যাবে কেন?”