২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে সুভাষ বসুর গোপন নথি প্রকাশ

পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল প্রকাশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 06:02 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

কলকাতা পুলিশ মিউজিয়ামে নথিগুলো রাখা হয়েছে। সোমবার থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এগুলো জনসাধারণকে দেখানো হবে।

তবে নথিগুলোতে কি আছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

সর্বভারতীয় কংগ্রেসে নেতৃত্ব দেওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ ফৌজ গড়ে জাপানের সঙ্গে ভিড়ে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে সশস্ত্র লড়াইয়ে নামা সুভাষ বসুর পরিণতি কী হয়েছে, তা এখনও অজানা। আর এ নিয়ে রহস্যজাল ছড়িয়েছে গত অর্ধ শতাব্দীজুড়ে।

বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে একটি কথা প্রচলিত থাকলেও তারও কোনো অকাট্য প্রমাণ হাজির করতে পারেনি কেউ।

কিন্ত ১৯৪৫ সালের ১৮ অগাস্ট বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে- এমন কথা ভারতের অনেকেই মানতে রাজি নন।তাইওয়ানে তাকে সমাহিত করার কোনো রেকর্ডও নেই।

তার আসলেই কি হয়েছিল তা নিয়ে নানা জল্পনা আছে। অনেকের ধারণা তিনি সার্বিয়ায় রাশিয়ান বন্দি হিসাবে ছিলেন। আবার অনেকের ধারণা, তিনি তার শেষ দিনগুলো ভারতেই লুকিয়ে কাটিয়েছেন।

আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাতে ধরা পড়া ঠেকাতে নেতাজি তার মৃত্যুর মিথ্যা খবর রটিয়েছিলেন বলেও দাবি করেছেন কেউ কেউ।

গোপন ফাইলগুলোতে কি আছে তা এখনো স্পষ্ট জানা না যাওয়ায় এগুলো থেকে তার মৃত্যুরহস্যের কোনো কিনারা হবে কিনা তা বোঝা যাচ্ছে না।

কয়েকজন বিশ্লেষক বলছেন, কলকাতার ফাইলগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ দিল্লিতে থাকা গোপন ফাইলগুলো।

বিজেপি সরকার বিরোধীদলে থাকাকালে বোসের ৩৯ টি গোপন ফাইল প্রকাশের জন্য কংগ্রেস সরকারের কাছে দাবি জানিয়েছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ফাইলগুলো প্রকাশে অস্বীকৃতি জানিয়ে আসছে।