গরুর হাটের কারণে টঙ্গীতে যানজট
গাজীপুরে মহাসড়কের পাশে গরুর হাট বসায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঈদযাত্রীরা।
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের উত্তর পাশে কামারপাড়া সড়কে গরুর হাট বসায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার দুপুরে গিয়ে দেখা যায়, গরু নামানোর জন্য ট্রাকগুলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাময়িক অবস্থান করায় চলাচলের পথ সরু হয়ে গেছে।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টঙ্গী-ঘোড়াশাল সড়ক রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন কামারপাড়া সড়ক ব্যবহার করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে। সেখান থেকে গাড়িগুলো ফিরে ঢাকার দিকে মোড় নিতে গিয়ে যানজট সৃষ্টি করছে।
এর প্রভাব পড়ছে দক্ষিণে ঢাকার আব্দুল্লাহপুর এবং উত্তরে গাজীপুরের বোর্ডবাজার এমনকি ভোগড়া বাইপাস সড়ক পর্যন্ত।
কামারপাড়া হাটটি সিটি করপোরেশনের বরাদ্দ করা না হলেও প্রতি বছরের মতো এবারও স্থানীয়দের উদ্যোগে বসানো হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা শেখ জসিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে বি্ঘ্ন না করাসহ ৬টি শর্তে বিভিন্ন এলাকায় ২৫টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এছাড়া চারটি স্থায়ী হাটেও পশুরহাট বসছে।
“তারপরও যদি পশুর হাট বসার কারণে মহাসড়কে যানচলাচল ব্যহত হওয়ার অভিযোগ পাওয়া যায়, তবে ওইসব হাট বাতিল করাসহ ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
টঙ্গী-ঘোড়াশাল সড়কের পাশে আমতলী এলাকায় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মালেকের বাড়ি এলাকায় গরুর হাট বসায় ওইসব এলাকায়ও থেমে থেমে যানজট হচ্ছে।
যানজটের সমস্যায় পড়ে টঙ্গী-ঘোড়াশাল পথ এড়িয়ে ঢাকা বাইপাস সড়ক ধরে চন্দ্রার দিকে চলতে ভোগড়া বাইপাস মোড়েও গাড়ির চাপ বেড়ে যাচ্ছে। এতে গাড়ির থেমে থেমে গাড়ি চলাচল করছে।
