২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব অঘটনের কারণ পুলিশ নয়: ভারপ্রাপ্ত আইজিপি

সব অপরাধের ক্ষেত্রে পুলিশকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত আইজিপি মো. মোখলেছুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 06:41 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

““হাজার হাজার ঘটনা ঘটে না আমাদের (পুলিশের) কারণে। দু-একটা ঘটনা ঘটছে। তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্যই সকলের, আপনাদের (সাংবাদিক) সহযোগিতা চাই।”

ঢাকায় কোরবানির হাটে আনা এক ট্রাক গরু ছিনতাইয়ের ক্ষেত্রে পুলিশের ব্যর্থতা ছিল কি না- সাংবাদিকদের এই প্রশ্নে এই আহ্বান জানান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেছুর।

শনিবার ঢাকায় বেপারিদের কুপিয়ে এক ট্রাক গরু ছিনতাইয়ের ঘটনা নিয়ে রোববার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।

আইজিপি এ কে এম শহীদুল হক হজে যাওয়ার তার দায়িত্ব পালন করে আসা মোখলেছুর বলেন, ওই ঘটনায় ট্রাক ও গরু উদ্ধার হয়েছে। এই ‘গ্যাংকে’ শনাক্ত করা হয়েছে।

বিভিন্ন হাটের গরু ভেড়াতে বাধ্য করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “জোর করে নেওয়া হলে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তা নাহলে বিষয়টির সুরাহা করা কঠিন। কারণ গরু কোন হাটে যাবে, তা তো নির্ধারণ করা নেই।”

গরু যেন ঠিকমতো বিভিন্ন হাটে যেতে পারে সেই বিষয়টির দিকে দৃষ্টি রাখা হচ্ছে জানান অতিরিক্ত আইজিপি।

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, “দু-একজন পুলিশের দায় পুরো বাহিনী নেবে না। সেই পুলিশ তখন অপরাধী হিসেবে গণ্য হবে।”

আসন্ন ঈদে উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সচেষ্ট বলে জানান মোখলেছুর।

“দিন-রাত আমরা (পুলিশ) পরিশ্রম করার চেষ্টা করছি। দেশের নিরাপত্তা আর সেসব এলাকায় পশুর হাট, মার্কেট, টার্নিমাল সেসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

“আসন্ন ঈদ আনন্দের সঙ্গে করতে চাই। কোনো ধরনের অপরাধ, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ানো দেখতে চাই না,” বলেন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান।