মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট আবেদন
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস হয়েছে’ দাবি করে আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন জমা দেন।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে তার এই আবেদনে।
গত শুক্রবার সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা হয়, যাতে অংশ নেন ৮৩ হাজার শিক্ষার্থী। রোববার স্বাস্থ্য অধিদপ্তর যে ফল ঘোষণা করেছে, তাতে ভর্তির যোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে ৪৮ হাজার ৪৪৮ জন।
ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। বিএনপিও পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করার জন্য শনিবার তিনি মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিবকে উকিল নোটিস পাঠিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জবাব না আসায় তিনি রিট আবেদন করেছেন।
“আবেদনে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার রুল চাওয়া হয়েছে।
সোমবার হাই কোর্টে এ বিষয়ে শুনানি হতে পারে বলে এই আইনজীবী জানান।
