গাজীপুরে ডাকাতের হামলায় আহত ৫
গাজীপুরে একটি বাড়িতে ডাকাতের হামলায় পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে নগরীর মিরেরগাঁও এলাকায় এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুক আহমেদ জানান।
এরা হলেন, মুক্তিযোদ্ধা আবদুল কাদের (৬৫), তার দুই ছেলে মঞ্জুরুল করিম (৩৬) ও শিবলু মিয়া (২৮), প্রতিবেশী ইমান উদ্দিন (৪৫) ও আমির উদ্দিন (৬০)।
কাউন্সিলর ফারুক বলেন, রাত ১টার দিকে ১৫/২০ জন দুর্বৃত্ত দরজা ভেঙ্গে মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের বাড়িতে ঢুকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করার চেষ্টা করে।
“একপর্যায়ে কাদের ও তার ছেলেদের চিৎকারে প্রতিবেশী ইমান উদ্দিন ও আমির উদ্দিন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের সবাইকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”
টের পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয় বলে জানান তিনি।
