২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন টিকেটে দীর্ঘ অপেক্ষার পালা

ঈদের ছুটির শুরুর দিনের ট্রেনের টিকেট পেতে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। টিকেটের তুলনায় লাইনে মানুষের সংখ্যা বেশি হওয়ায় অনেককে কাঙ্ক্ষিতটি না পেয়ে অন্য গন্তব্যের টিকেট নিয়ে ফিরতে হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 12:22 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

কমলাপুরে শনিবার সকাল ৯টা থেকে দেওয়া হয় ঈদের আগের দিনের অর্থ্যাৎ ২৪ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট।

এ দিনের টিকেট কিনতে দাঁড়ানো অনেকে বলেন, তারা কাউন্টারের সামনে লাইনে রয়েছেন শুক্রবার বিকাল থেকে।

শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মীর রেজা হাসান তারেক আগের দিন বিকালে ৪টায় দাঁড়ান সুন্দরবন এক্সপ্রেসের আলমডাংগার টিকেটের জন্য। তবে টিকেট পেয়েছেন চুয়াডাঙ্গা স্টেশনের। 

“কাল থেকে লাইনে দাঁড়িয়ে আজ ১০টায় টিকেট পেয়েছি, তাও পরের স্টেশনের,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তারেক। 

কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেসের প্রত্যাশিত টিকেট না পেয়েও খুশি একটি পোশাক কারখানার কর্মকর্তা সাইফুল ইসলাম।

“শোভন চেয়ার চেয়েছিলাম, পাইনি। তবে নরমাল হলেও টিকেট তো পেয়েছি।  সবাইকে নিয়ে বাড়ি যেতে পারব।”

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাই লাইনে দাঁড়িয়ে টিকেট নিচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে না।"

নির্দিষ্ট গন্তব্যের টিকেট না পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সীতাংশু বলেন, “আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে সবাইকে খুশি করা সম্ভব নয়। নির্দিষ্ট স্টেশনের টিকেট বরাদ্দ কম থাকে, ২ জন টিকেট নিলেই তা শেষ হয়ে যায়।”

ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের টিকেট পাওয়া মৌসুমী আক্তার সকাল সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি শুক্রবার রাত সাড়ে ৮টায় লাইনে দাঁড়িয়েছিলেন।

তবে রাত ১০টায় লাইনে দাঁড়িয়েও সকাল সাড়ে ১০টা পর্যন্ত জামালপুর তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেসের টিকেট পাননি পোশাককর্মী রুমা আক্তার।

“রাতে এসে দেখি আমার আগেই অনেক মানুষ, লাইনে আছি, কখন টিকেট পাব।”

হাওর এক্সপ্রেসে নেত্রকোনাগামী রুপালী মাল্টি পারপাসের কর্মী মো. ইসলাম উদ্দিন বলেন, “গতকাল রাত ১১টায় যখন এসেছিলাম, তখন আমার সামনে ১৭১ জন। এখন দেখা যাক, কয়টা বাজে টিকেট নিতে।”