গোপালগঞ্জে নৌকা ডুবে মা ও দুই মেয়ের মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঝড়ে একটি বিলে নৌকা ডুবে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার মটবাড়ী বিলে এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার উজানী ইউনিয়নের মটবাড়ী এলাকার বাসিন্দা নৃপেন বালার স্ত্রী বিথী বালা (৩২) এবং তার মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালা (৫)।
ওসি আজিজুর জানান, বিকেলে নৃপেন তার স্ত্রী, ছেলে ও দুই মেয়েকে নিজের নৌকায় নিয়ে মটবাড়ী বিল দিয়ে পাশের বহুগ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।
“ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৃপেন বালা ও তার ছেলে সাঁতরে নিরাপদ আশ্রয়ে যান। কিন্তু তার স্ত্রী ও দুই মেয়ে ডুবে মারা যায়।”
খবর পেয়ে এলাকাবাসী সন্ধ্যায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
