মওদুদের ছেলে আমানের আত্মার শান্তি কামনা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ।
শুক্রবার বিকালে গুলশানে মওদুদ আহমদের বাসায় সদ্য প্রয়াত আমানের জন্য এই দোয়া মাহফিল হয়।
ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, মাহবুবউল্লাহসহ বিভিন্ন পেশার লোকজন এতে অংশ নেন।
আমান মমতাজ আহমদ। (ফাইল ছবি)
২০ দলীয় জোটের আবদুল লতিফ নেজামী, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আন্দালিব রহমান পার্থ, খোন্দকার গোলাম মূর্তজা, মোস্তাফিজুর রহমান ইরান, ফরিদুজ্জামান ফরহাদ, সাহাদাত হোসেন সেলিমসহ অনেকেই দোয়ায় অংশ নেন।
গুরুতর অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোর সাড়ে ৪টায় আমানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩৮ বছর।
গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে।
বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কফিন ঢাকায় নিয়ে আসেন মওদুদ আহমেদ ও তার স্ত্রী হাসনা মওদুদ। পরে ফরিদপুরে নানা কবি জসিম উদদীনের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
