২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে সোনার বারসহ আটক ২

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকা মূল্যের ২১টি সোনার বারসহ দুবাইফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 10:23 AM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শুক্রবার ভোরের দিকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ঢাকায় নামার পর আবু ইউসুফ আলী (৩১) ও মাসুদ মিয়া (৩৮) নামের ওই দুই যাত্রীকে আটক করা হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তানজিনা আক্তার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের হাতব্যাগে ২১টি সোনার বার পাওয়া গেছে, যার ওজন দুই কেজি একশ গ্রাম। এই সোনার বাজার মূল্য আনুমানিক ৯০ লাখ টাকা।”

এর মধ্যে নয়টি বার ইউসুফের কাছে এবং বাকি ১২টি বার মাসুদের কাছে ছিল বলে এএসপি তানজিনা আক্তার জানান।

ইউসুফ ও মাসুদ দুজনের বাড়িই কুমিল্লার বুড়িচংয়ে। তারা পরস্পরের বন্ধু বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।