২০৪১ নাগাদ আইসিটি খাতের আয় হবে ৫০ বিলিয়ন ডলার: পলক
গত কয়েক বছরে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি (আইসিটি) খাত থেকে বাংলাদেশের আয় বৃদ্ধির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সাল নাগাদ এ খাত থেকে বাংলাদেশের আয় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারের অব্যাহত সহযোগিতার ফলে ছয় বছর আগের ২৬ মিলিয়ন ডলার থেকে এখন আমাদের লভ্যাংশ দাঁড়িয়েছে ৩০০ মিলিয়ন ডলার। ২০১৮ সালে এর পরিমাণ হবে ১ বিলিয়ন ডলার। ২০২১ সালে ৩ বিলিয়নে পৌঁছাবে। ২০৪১ সালের মধ্যে এই খাতের আয় ৫০ বিলিয়ন ডলার করতে পারব আমরা।”
গত ছয় বছরে সফটওয়্যার রপ্তানির পরিমাণ ১২০০ শতাংশ বেড়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
আইসিটি খাতে তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা দিতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ‘আইডিএলসি-উদ্ভাবন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সহযোগিতায় এ প্রকল্পের আওতায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটি আর্থিক সেবার পাশাপাশি আনুষাঙ্গিক বিভিন্ন সেবা দেবে।
‘আইডিএলসি-উদ্ভাবন’ উদ্বোধন করে জুনাইদ আহমেদ পলক বলেন, “আইসিটি খাতের উদ্যোক্তাদের পুঁজি বলতে আসে তাদের মেধা আর একটি ল্যাপটপ। এটা দিয়েই তারা বিশ্বজয় করেছেন। বিল গেটসের মাইক্রোসফট ও জাকারবার্গের ফেইসবুকের শুরুটাও হয়েছিল তাদের অল্প বয়সে অল্প পুঁজি নিয়ে।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “সরকার ও বেসরকারি উভয় পর্যায়ের সহযোগিতায় তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করে মেধাভিত্তিক সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। তরুণদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে ডিজিটাল ইকোনমি গড়ে তোলার জন্য শুধু তাদের মেধা থাকলে হবে না, তরুণ প্রজন্মের অদম্য শক্তি থাকলেই হবে না, তাদের অর্থনৈতিক সহযোগিতার কথাও বিবেচনায় আনতে হবে।”
তিনি বলেন, “আইসিটি খাতের উদ্যোক্তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ট্র্যাডিশনাল ব্যাংকিং খাতে অনেক সমস্যার মুখোমুখি হতাম। পুঁজি আর মর্টগেজের ব্যাপারগেুলো চলে আসত। কারণ তাদেরতো পুঁজি বলতে কোনো জমিও নেই, বড় ঘরও নেই।
প্রতিমন্ত্রী পলক বলেন, “আইডিএলসি’র মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন এমন লোককে বাছাই করছে, যারা আইসিটি ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উভয় বিষয়ে পড়াশোনা করে আসছেন। এ কারণে তাদের আর বুঝানো লাগতেছে না- সফটওয়্যার কী, মোবাইল অ্যাপ্লিকেশন কী প্রভৃতি। সফটওয়্যার খাতের ব্যবসা অনেক সহজ হয়ে যাচ্ছে।”
সরকারের পক্ষ থেকে ‘ডিজিটাল ইকোসিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “এক্ষেত্রে প্রধানত তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমটি হচ্ছে কানেকটিভিটি, দ্বিতীয়টি মানবসম্পদ উন্নয়ন এবং তৃতীয়টি ইন্ডাস্ট্রি প্রমোশন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলে আমরা সমন্বিত ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছি।”
গত মাসে আমরা থাইল্যান্ডে গিয়ে দেখে আসা সেখানকার ‘সফটওয়্যার ইন্ডাস্ট্রি প্রমোশন এজেন্সি’র আদলে বাংলাদেশেও এজেন্সি করার পরিকল্পনা জানান প্রতিমন্ত্রী।
“যে এজন্সির মাধ্যমে সরকার সফটওয়্যার ইন্ডাস্টিগুলোকে সহযোগিতার কাজ করবে। তাদের নানা সমস্যা-সংকটের বিষয়ে দৃষ্টি দেবে।”
তিনি বলেন, “আইসিটি ব্যবসায় এখন আর শুধু সফটওয়্যার নেই। মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অনেক ধরনের দিক রয়েছে। আমরা সবদিক বিবেচনায় নিয়ে ডিজিটাল ইকোনমি স্ট্র্যাটেজি পেপার তৈরি করব।”
উদ্বোধনী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, “আইডিএলসি-উদ্ভাবন প্রকল্প শুধু আইসিটি উদ্যোক্তাদের প্রচলিত ধারার আর্থিক সেবাই প্রদান করবে না, সেই সঙ্গে নন-ফাইন্যান্সিয়াল সেবাও প্রদান করবে, যা তাদের ব্যবসাকে বড় পরিসরে নিয়ে যেতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের ব্যবসা শুরুর জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অর্থের। সফটওয়্যার ব্যবসা বিকাশের জন্য এই সহযোগিতাটা পেলে আমরাও টাটা, ইনফোসিস প্রভৃতি প্রতিষ্ঠানের মতো বড় ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হতে পারব।”
