২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ শহরের জামতলায় এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 01:10 AM

Updated : 22 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার দুপুরে জামতলার ধোপাপট্টি এলাকায় ডা. আরিফের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন।

নিহত সোনালী (১০) ডা. আরিফের বাড়ির ভাড়াটিয়া শ্যামল দাসের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের গলায় ওড়না পেঁচানো এবং মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনালীর মা মালা রানী দাস বলেন, “ঘটনার সময় বাসায় আমার মেয়ে ছাড়া আর কেউ বাসায় ছিল না।

“আলমারি ভেঙে ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২০ হাজার টাকা লুটে নিয়েছে।”

সোনালির বাবা শ্যামল দাস পেশায় প্রাইভেটকার চালক এবং মা মালা রানী দাস কাপড় সেলাইয়ের কাজ করেন।

তিন বোনের মধ্যে সোনালি মেজো। তার বড় বোন মাসদাইরের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এবং ছোট বোন প্রথম শ্রেণির ছাত্রী। তারা দুজনই সকালে স্কুলে চলে যায়।

সোনালির স্কুল দুপুর ১২টায় শুরু হয় বলে তার মা মালা রানী দাস জানান।

মালা রানী বলেন, বেলা ১১টার দিকে তিনি চাষাঢ়া এলাকায় সোনালী ব্যাংকে ডিপিএসের টাকা জমা দিতে যান।

মালা রানী বাসা থেকে বের হওয়ার পরপরই এই হত্যাকাণ্ড ও লুটের ঘটনা ঘটে বলে ধারণা করছেন সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন।