২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘জেএমবি সদস্য’ আটক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে গাজীপুর থেকে এক যুবককে আটক করেছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 05:24 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

র‌্যাব জানায়, বুধবার গভীর রাতে গাজীপুর বোর্ড বাজার বটতলার একটি বাসা থেকে মেহেদী হাবিব ওরফে রফিককে (৩৮) আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে এক সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাব ১৪-এর সহকারী পরিচালক এএসপি যুবরাজ হোসেন।

এএসপি যুবরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক রফিক জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাবেক নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের ‘ঘনিষ্ঠ সহযোগী’ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

গভীর রাতে তাকে ওই এলাকার হাজী মতিউর রহমান নামের একজনের বাসা থেকে আটক করা হয়েছে। তবে, ওই সময় গৃহকর্তা মতিউরকে পাওয়া যায়নি বলেও র‌্যাব কর্মকর্তা জানান। 

এই র‌্যাব কর্মকর্তা জানান, আটক রফিক ২০০৫ সালের ১৭ অগাস্ট ময়মনসিংহসহ দেশের ৬৩টি জেলায় জেএমবির বোমা হামলার ঘটনায় করা মামলার আসামি।

“ময়মনসিংহের কোতোয়ালি থানায় এই মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে রফিকের বিরুদ্ধে।”

১০ বছর আগের ওই বোমা হামলায় সারাদেশে দুই জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন।

হামলার এক বছর পর ২০০৬ সালের ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে গ্রেপ্তার করে র‌্যাব। এর চারদিন আগে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় শায়খ আব্দুর রহমানকে।

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার রায়ে পরের বছর ২০০৭ সালে এই দুই শীর্ষ নেতাসহ ছয়জনের ফাঁসি কার্যকর হয়।