২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা বাড়লে ট্রাইব্যুনাল ফের বাড়বে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা কমিয়ে একটি করার ব্যাখ্যা তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মামলা বাড়লেই ট্রাইব্যুনালের সংখ্যা আবার বাড়ানো হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 01:23 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “ট্রাইব্যুনালে মামলা যে মুহূর্তে বৃদ্ধি পাবে, সেই মুহূর্তে শুধু দ্বিতীয় ট্রাইব্যুনাল নয়, যে কয়টা ট্রাইব্যুনাল লাগে তা গঠন করা হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সংখ্যা কমে যাওয়ায় একটি ট্রাইব্যুনাল ‘অকার্যকর’ করা হয়েছে বলে আনিসুল হক জানান।

তিনি বলেন, “ট্রাইব্যুনালে ট্রায়ালের জন্য রেডি মামলা একটি। চার্জ হয়েছে পাঁচটির। সব মিলে ট্রাইব্যুনালের সামনে ছয়টি মামলা রয়েছে। আর তদন্তাধীন মামলা আছে ছয়টি।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা কমিয়ে একটি করার ওই সিদ্ধান্ত গত ১৫ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয়।

পুনর্গঠিত এই ট্রাইব্যুনালের নেতৃত্বে আছেন বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক। তার সঙ্গে রাখা হয়েছে ট্রাইব্যুনালে থাকা বিচারপতি শাহিনুর ইসলামকে। তাদের সঙ্গে নতুন করে যোগ দেবেন হাই কোর্টের বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারপতি মুজিবুর রহমান মিয়া হাই কোর্টে ফেরত যাবেন।

‘সবার সঙ্গে আলোচনা করেই’ একটি ট্রাইব্যুনাল ‘অকার্যকর’ করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ক’টি ট্রাইব্যুনাল কাজ করবে তা কাজের পরিধির উপরই নির্ভর করবে।

“তদন্ত সংস্থার কাজের উপর নির্ভর করবে- এর সদস্য সংখ্যা বাড়বে না কি কমবে। মামলা কমে যাওয়ার কারণে প্রসিকিউশনের সদস্য কমানো হবে কি না তাও ভেবে দেখো হবে।”

আনিসুল হক বলেন, “মানবতাবিরোধী অপরাধীদের বিচার যতক্ষণ শেষ না হবে, ততদিন এই বিচার বন্ধ হবে না।”

২০১০ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২১টি মামলার নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে। এর মধ্যে চলতি বছর এসেছে ছয়টি মামলার রায়।

দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ শুরু করলেও আইনি জটিলতার কারণে তা থমকে আছে। বিষয়টি আটকে থাকায় সরকারের সমালোচনাও করেছে বিচারের দাবিতে আন্দোলনকারীরা।   

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, “আইনের সংশোধনী মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো পর তারা সেটি খুটিয়ে দেখেছে। পরে লেজিসলেটিভ বিভাগ সংশোধনী দেখে আবার তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। শিগগিরই সেটি মন্ত্রিসভায় উঠবে।”

প্রধান বিচারপতিকে অভিসংশনে রাষ্ট্রপতির কাছে একজন বিচারপতির চিঠি পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি আনিসুল হক।

“চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করব না। রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছে, রাষ্ট্রপতিই এর জবাব দিতে পারবেন। আমি কোনো জবাব দিতে পারব না।”

পুরনো খবর:

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ফের একটি হল