২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভস্থ শিশুকে গুলির মামলার আসামি আলী গ্রেপ্তার

মাগুরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গুলির ঘটনার আলোচিত মামলার অন্যতম প্রধান আসামি মোহাম্মদ আলী গ্রেপ্তারের কথা স্বীকার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 01:52 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার সকালে গ্রেপ্তার করা হলেও তা স্বীকার করছিল না পুলিশ। মধ্যরাতে তাকে সাংবাদিকদের সামনে এনে জানানো হয় গ্রেপ্তারের কথা।

সকালে শহরের মহিলা কলেজ সড়ক থেকে আলীকে (৩৮) গ্রেপ্তার করা হয় বলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান।তিনি বলেন, তদন্তের স্বার্থে কিছু বলেননি তারা। 

আলীর আইনজীবী শফিকুল ইসলাম মোহন দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, আত্মসর্মপণের জন্য সকাল ১০টার দিকে আসামিকে নিয়ে তিনিসহ অন্য আইনজীবীরা জেলা জজ আদালতে ঢোকার সময় সাদা পোশাকধারী ডিবি পুলিশ আলীকে ধরে নিয়ে যায়।

আলীর ভাই ফারুক হোসেন ও স্ত্রী রীনা বেগমও একই কথা বলেন। তবে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের কথা তখন অস্বীকার করেছিল।  

ডিবির ওসি ইমাউল হক তখন সাংবাদিকদের বলেছিলেন, “আলীকে গ্রেপ্তারের কোনো খবর নেই। তাকে খোঁজা হচ্ছে, গ্রেপ্তার হলে জানানো হবে।”

আলী দোয়ারপাড় এলাকার মাহমুদুল্লার ছেলে এবং শহরের এজি একাডেমি হাই স্কুলের পিওন। তিনি হত্যা মামলার ৩ নম্বর আসামি।

আলীকে নিয়ে মামলার ১৬ আসামির মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর ওরফে অজিবর শেখ গত ১৭ অগাস্ট পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

মামলার ১ নম্বর আসামি মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

গত ২৩ জুলাই জেলা শহরের দোয়াড়পাড়ে আলী ও আজিবর সমর্থকদের সঙ্গে কামরুল ভূঁইয়ার সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন কামরুলের ভাবি নাজমা বেগম।

আলী, আজিবর ও কামরুল তিনজনই আওয়ামী লীগ সমর্থক। তারা একসময় এক সঙ্গে থাকলেও পরে নানা বিরোধে আলাদা হয়ে যান।

ওই সংঘর্ষে নিহত হন কামরুলের চাচা মোমিন ভূইয়া। নিহতের ছেলে পরে একটি হত্যা মামলা করেন।

নাজমার গর্ভস্থ সন্তানও গুলিবিদ্ধ হওয়ার পর বিষয়টি নিয়ে সারাদেশে নিন্দার ঝড় বয়ে যায়। গুলির দাগ নিয়ে ভূমিষ্ঠ শিশুটি এখন আশঙ্কামুক্ত। মা ও মেয়ে দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরেছেন বাড়িতে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই পাড়ায় বসবাস এবং আওয়ামী লীগ সমর্থক হওয়ায় কামরুল, আলী ও আজিবর সব সময় এক সঙ্গেই চলাফেরা করতেন। কিন্তু স্বার্থগত দ্বন্দ্বের কারণে কামরুলের সঙ্গে আজিবরের দূরত্ব তৈরি হয়।

ঠিকাদারি নিয়ে আজিবর দূরে সরে গেলে কামরুল ও আলীর নেতৃত্বে একটি দল বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে বিরোধপূর্ণ জমি দখল-বেদখল, দালালি, চাঁদাবাজি ও মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক মাস আগে ভাগাভাগি নিয়ে আলীর সঙ্গে কামরুলের বিরোধ সৃষ্টি হয়। তখন আজিবরের সমর্থন পান আলী। এরপর আধিপত্য নিয়ে দুই পক্ষের ছোট-খাটো সংঘাত চলছিল। এরপর গত ২৩ জুলাই তা বড় সংঘাতে রূপ নেয়।

পুরনো খবর:

‘দলের ছত্রছায়ায়’ সংঘাত, তাতে গুলিবিদ্ধ হয় গর্ভের শিশু
গর্ভস্থ শিশু গুলিবিদ্ধের আসামি আজিবর ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মাগুরায় আত্মসমর্পণে যাওয়া আসামিকে ধরে নেওয়ার অভিযোগ