মৌলভীবাজারে বাবা-মায়ের কবরের পাশে মহসিন আলীর দাফন
মৌলভীবাজারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীকে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
বুধবার বিকালে মৌলভীবাজারে হযরত শাহ মোস্তফার (র.) মাজার সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
দাফনের আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের এলাকাবাসী জানাজায় অংশ নেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান আওয়ামী লীগ নেতা মহসিন আলী। ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিলেন।
মঙ্গলবার রাতে তার মরদেহ দেশে আনার পর রাতে কফিন রাখা হয় মিন্টো রোডে তার সরকারি বাসায়। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সোয়া ৮টায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
প্রধান বিচারপতি এস কে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, কবি আবদুস সামাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু কাওসার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে এই রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর মহসিন আলীর কফিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হলে সেখানে এই মুক্তিযোদ্ধার প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। পুলিশের একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়।
বুধবার দুপুরে মন্ত্রী মহসিন আলীর মরদেহ নিয়ে একটি হেলিকপ্টার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অবতরণ করে।
জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজার পর সৈয়দ মহসিন আলীর মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শাহাবুদ্দিন, সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ঢাকা থেকে মন্ত্রীর মরদেহ মৌলভীবাজারে নিয়ে যান।
বেলা ১ টার দিকে স্টেডিয়াম থেকে মহসিন আলীর মরদেহবাহী কফিন মৌলভীবাজারের ৩৬ বেরীরপাড় এলাকায় তার বাসায় পৌঁছায়।
এ সময় আত্মীয় স্বজন, পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এলাকার নেতাকে শেষবারের মত দেখতে বাসার সামনে ভিড় করেন বহু মানুষ।
বেলা আড়াইটার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের স্থানীয় শহীদ মিনারে নেওয়া হয়।
সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবা উদ্দিন সিরাজ ও সাবেক এমপি শফিকুর রহমান।
এরপর বৃহত্তর সিলেট অঞ্চলের পাঁচ শতাধিক সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মৌলভীবাজার জেলা সদর ও সবকটি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের কয়েকশ মুক্তিযোদ্ধা জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নেড়ে প্রয়াত এ মুক্তিযোদ্ধাকে শেষ বিদায় জানান।
১৯৪৮ সালে এই মৌলভীবাজারেই সৈয়দ মহসিন আলীর জন্ম। একাত্তরে তিনি সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের এই সদস্য সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটি ও মুক্তিযোদ্ধা কাউন্সিলেরও সদস্য ছিলেন।
১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার।
২০০৮ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহসিন আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আর গতবছর দশম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা।
