২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নম্বরপত্রে কারসাজিতে ঢাবি শিক্ষক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকের চূড়ান্ত পরীক্ষায় নম্বরপত্রে কারসাজির জন্য ওই বিভাগের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 12:24 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ আজহারুল ইসলামের বিরুদ্ধে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শিক্ষককে টেবুলেশন শিট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। কয়েকজন ছাত্রের নম্বর কম/বেশি করার অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

একইসঙ্গে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হোসাইনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে উপাচার্য বলেছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিভাগের ৩৮তম ব্যাচের স্নাতক ফাইনাল পরীক্ষার নম্বরপত্রে টেম্পারিংয়ের (জালিয়াতি) কারণে পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ার কথা সম্প্রতি বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক বোরহান উদ্দীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ফাইনাল পরীক্ষার ২২ কর্মদিবস অর্থাৎ এক মাসের মধ্যে ফলাফল ঘোষণার কথা রয়েছে।

গত ১২ জানুয়ারি চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হয়।

সে অনুযায়ী মার্চ মাসে ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি।

পুরনো খবর:

নম্বরপত্রে কারসাজিতে ঢাবিতে ঝুলছে ফল প্রকাশ