নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের চালক ও এক কিশোরী নিহত হয়েছেন।
নিহত বাসচালক ও কিশোরীর (১৫) নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার চকপাড়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহত কারও নাম-পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বেশিরভাগকেই বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনপাড়া আমেনা হাসাপাতাল ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বড়াইগ্রামের ওসি মনিরুল বলেন, দুপুরে চকপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একতা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচরে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
