২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা

অপরিচ্ছন্ন পরিবেশ ও নিয়ম অনুযায়ী চিকিৎসক-টেকনিশিয়ান না থাকায় গাজীপুর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 11:36 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

‘হলি ল্যাব মেডিকেল সেন্টার লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

সোমবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়।

রেবেকা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও টেকনিশিয়ান না থাকায় হলি ল্যাব মেডিকেল সেন্টারকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।”

জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী এবং কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও মৌচাক এলাকায় চারটি পেট্রোল পাম্পে ওজন ও পরিমাপে কারচুপির দায়ে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ও মাসুমা আরেফিন এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।