২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে তেল-চিনি-পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ট্রাকে করে সয়াবিন তেল, পেঁয়াজ ও চিনি বিক্রি করবে সরকারি বাণিজ্যিক সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 10:47 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৭৩টি ট্রাকে এসব পণ্য বিক্রি করার তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঢাকা শহরে ২৪টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা শহরে ২টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।”

১৫ সেপ্টেম্বর থেকে ঈদের দিন পর্যন্ত এসব পণ্য বিক্রি হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি প্রতি লিটার সয়াবিন তেল ৮৯ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা এবং প্রতি কেজি চিনি ৩৭ টাকা দরে বিক্রি করবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১০ লিটার সয়াবিন তেল, দুই কেজি পেঁয়াজ ও ৪ কেজি চিনি কিনতে পারবেন।

বর্তমানে খোলা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৪ থেকে ১০০ টাকা, পেঁয়াজ ৬০ থেকে ৮০ টাকা ও চিনি ৩৯ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।