২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা

গুদামে পাটের মজুদ দেখিয়ে ব্যাংক থেকে ঋণ তুলে আত্মসাতের অভিযোগে খুলনায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 09:33 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন দৌলতপুর থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, সোনালী ব্যাংক দৌলতপুর শাখার প্রিন্সিপাল অফিসার এসএম ইমদাদুল হক, দৌলতপুরের মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের চেয়ারম্যান মো. শফিউল হক, ব্যবস্থাপনা পরিচালক রবিউল হক ও গুদাম রক্ষক সোহেল হোসেন জোয়ার্দার।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গুদামে পাটের মজুদ দেখিয়ে ওই সোনালী ব্যাংকের দৌলতপুর কর্পোরেট শাখা থেকে ২০১০ সালে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত কয়ে দফায় ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা ঋণ নেয় মেসার্স আকবর আলী সন্স লিমিটেড।

গুদামে ওই মূল্যের পাটের অস্তিত্ব না থাকায় এবং তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়া দুদক এ মামলা করে।