২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের অনলাইন মঞ্চ ‘স্ট্রাইপ’ এর যাত্রা শুরু

যাত্রা শুরু করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তারুণ্যের মঞ্চ ‘স্ট্রাইপ’, যাতে তরুণ সমাজের ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া-পাওয়া থেকে শুরু করে খাবার, পোশাক, পছন্দ-অপছন্দ সবকিছুই উঠে আসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 08:17 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

সোমবার উদ্বোধন হয়েছে stripe.bdnews24.com, যাতে এখন থেকে যে কেউ ঢুকতে পারবেন বলে স্ট্রাইপ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পাদক হিসেবে হাম্মাদ আলী, নূহাশ হুমায়ুন, রাশেদ ডব্লিউ লতিফ, সাজিদ সরকার ও জাইয়ান এফ চৌধুরী এই সাইটটি পরিচালনা করবেন, যাদের ‘তুখোড় তরুণ’ বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

নির্ভরযোগ্য এবং সাংবাদিকতার মান অক্ষুণ্ন রেখে সংবাদ পরিবেশন করে আসা বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, স্ট্রাইপ হবে তাদের তারুণ্যের কণ্ঠ। 

সাজিদ সরকার বলেন, “তারুণ্যের এই অনলাইন মঞ্চে থাকবে বিনোদন, তরুণদের ভালো লাগা-মন্দ লাগা, রুচিবোধ, পছন্দ-অপছন্দ সবকিছুই।”

“আভিধানিক সংজ্ঞায় গেলে, স্ট্রাইপ হচ্ছে একটি ব্যান্ড, যা এর আশপাশের সব কিছু থেকে রঙে-বৈচিত্র্যে স্বতন্ত্র,” বলে নুহাশ হুমায়ূন বলেন, “স্ট্রাইপ সাহসী,এটা হবে আশপাশের চেয়ে আলাদা।”

হাম্মাদ আলী বলেন, “স্ট্রাইপ শুধু বিনোদিতই করবে না, সমকালীন বিষয়ে পাঠকদের প্রয়োজনীয় তথ্যও জানাবে,যা বাংলাদেশের তরুণ সমাজের সচেততার মাত্রা বাড়ার পাশাপাশি চিন্তার খোরাক জোগাবে।”   

নতুন এই সহযোগী সাইটের উদ্বোধন ঘোষণা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী টুইটারে বলেন, “যাত্রা শুরু হল।”

তিনি তার ফেইসবুকে লিখেছেন, “বাংলাদেশের তুখোড় মেধাবী তরুণদের কয়েকজন এই সাইটটির নেতৃত্বে আছেন। আমার বিশ্বাস, তারা এই জনপদের অনাবিষ্কৃত ক্ষেত্রগুলো উন্মোচন করবে, তাদের বিচরণ হবে সর্বত্র। এই কাজ গর্ব করার মতো।”

‘স্ট্রাইপ’ পাতায় বিনোদন, খাবার বিভাগের পাশাপাশি ‘পলকা’ ও ‘ইয়ংব্লাড’ নামে দুটি বিভাগ রয়েছে। 

‘ইয়ংব্লাড’ এ তরুণরা তাদের মত প্রকাশ করতে পারবেন। এর মধ্যে দিয়ে পাঠকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন তারা।

‘পলকা’ বিভাগে থাকবে ছবি, দৈনন্দিন বিভিন্ন বিষয়ে টিপস, ফ্যাশন, লাইফস্টাইল নিয়ে লেখা।

ডেস্কটপ, ট্যাব কিংবা মোবাইল থেকে স্ট্রাইপে ঢোকা যাবে সহজেই। পাঠকদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামেও থাকছে স্ট্রাইপ।