পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৭
পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. নিয়ামুল হাসান ওরফে সৈকত, মো. হারুন অর রশিদ, মো. দেলোয়ার হোসেন, মো. রমজান আলী, মো. রুবেল আহম্মেদ, মো. জসিম শিকদার ওরফে রানা ও মো. আকবর হোসেন।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “শনিবার ও রবিবার রাজধানীর শেরেবাংলা নগর, কল্যাণপুর, বাংলামোটর ও শ্যাওড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারদের কাছ থেকে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পরীক্ষার হুবহু প্রশ্নপত্র, উত্তরপত্র, পরীক্ষার প্রবেশপত্র ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান মনিরুল।
গ্রেপ্তার আকবরকে এই চক্রের মুলহোতা জানিয়ে তিনি বলেন, “সে পিএসসির এমএলএসএস পদে কর্মরত। এছাড়াও জসিম শিকদার ডাক বিভাগের কর্মচারী। জিপিওতে তার কর্মস্থল।”
সৈকত, হারুন অর রশিদ ও দেলোয়ার ভুয়া পরীক্ষার্থী হিসেবে কাজ করতেন বলেও জানান মনিরুল।
গত ১২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
মনিরুল বলেন, “তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃত পরীক্ষার্থী মো. রুবেল আহম্মেদ ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সহযোগী রমজান আলীকে ওই দিন বিকালে কল্যাণপুরের ওয়েস্ট পয়েন্ট হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতরা তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে মনিরুল বলেন, “আকবরের আরও একজন সহযোগী মো. বিল্লাল হোসনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
