মওদুদের ছেলে ডেঙ্গু আক্রান্ত, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একমাত্র ছেলে আমান মওদুদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের আইসিইউতে থাকা আমানকে সোমবার রাতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে বলে সাবেক আইনমন্ত্রীর একান্ত সহকারী শহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের ছেলের অবস্থা সঙ্কটজনক। তাকে এখন লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
“মেডিকেল বোর্ডের পরামর্শে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।”
গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। গত কয়েকদিনে শরীরের তাপমাত্রা না কমায় সোমবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।
অধ্যাপক মনিরুজ্জামান তত্ত্বাবধায়নে ৩৮ বছর বয়সী আমান আমানের চিকিৎসা চলছে।
