চাঁদাবাজির অভিযোগে এটিএসআই প্রত্যাহার
কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে রংপুরে এক সহকারী ট্রাফিক উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, সোমবার বিকালে এটিএসআই আব্দুল হককে প্রত্যাহার করা হয়।
তিনি মাহিগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
উপ-পরিদর্শক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকালে নগরীর সাতমাথা এলাকায় পশুবাহী দুটি ট্রাক আটক করে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন এটিএসআই আব্দুল হক। পরে গরু ব্যবসায়ী আয়নাল হকের কাছ থেকে কয়েক হাজার টাকা নেন তিনি।
“গরু ব্যবসায়ীর এ অভিযোগ তদন্তে প্রমাণিত হলে পুলিশ সুপারকে জানানো হয়। পুলিশ সুপারের নির্দেশে বেলা ৩টায় তাকে প্রত্যাহার করা হয়।”
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এটিএসআই আব্দুল হক বলেন, “কয়েক মাস ধরে ফাঁড়ি থেকে আমাকে সরানোর ষড়যন্ত্র করছিলেন এসআই আজিজ। তিনিই বড় স্যারের কাছে সাত-পাঁচ লাগিয়ে আমাকে প্রত্যাহার করিয়েছেন।”
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, সড়কে গরু ব্যবসায়ীরা যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য টহল জোরদার করা হয়েছে। চাঁদাবাজিতে পুলিশ সদস্য জড়িত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
