সকালে দুর্ভোগের পর চেনা দৃশ্যে রাজধানী
চার-পাঁচটি স্থানে অবরোধ, ফলে রাজধানীজুড়ে যানজট, আর তাতে ভোগান্তি- এই ছিল রাজধানীর গত কয়েকদিনের চিত্র।
সোমবার দিনের শুরুটাও ছিল তেমনি; তবে দুপুরে উচ্চ শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের খবর আসার পর পাল্টে যায় দৃশ্যপট, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রূপ নেয় আনন্দ মিছিলে।
শিক্ষার্থীরা সড়ক ছাড়ার পর দুপুরের পর থেকে বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক আটকে থাকার রেশে যানজট ছিলই, তা অবশ্য ঢাকার নিত্য দিনেরই চিত্র।
চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি উচ্চ শিক্ষায় টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিল।
গত বুধবার রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পরদিন ঢাকার কয়েকটি স্থানে একযোগে সড়কে অবস্থান নেয় বেসরকারি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও।
বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সাপ্তাহিক ছুটি শেষে রোববারও ধানমণ্ডি, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। একইভাবে দিনের শুরু হয় সোমবারও।
সকাল ১০টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা-মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করলে গুলশান ও মালিবাগের দিকের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাড়ে ১০টার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাখালীর ওয়্যারলেস গেইটে তাদের ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেয়। তাতে গুলশান থেকে মহাখালীর পথে যান চলাচল যায় আটকে।
বনানী কাকলি মোড়ে অবরোধ করে এআইইউবি, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে আন্দোলনকারীরা তিতুমীর কলেজের এক দল ছাত্রের হামলার মুখেও পড়েন।
শান্তা মারিয়াম ও আইইউবির শিক্ষার্থীরা উত্তরার নর্থ টাওয়ার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় টঙ্গীর পথেও যান চলাচল বন্ধ হয়ে যায়।সেখানে শিক্ষার্থীদের রাস্তা আটকে মাইকে ভ্যাটবিরোধী স্লোগান দিতেও দেখা যায়।
ধানমণ্ডি এলাকার ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৭ নম্বর সড়কের মোড়, রাপা প্লাজা মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নিলে সেখানেও শুরু হয় যানজটের দুর্ভোগ।
শিক্ষার্থীদের এই আন্দোলনের দাবির প্রতি অনেকের সমর্থন জানালেও সড়কে দুর্ভোগের জন্য সমালোচনাও ছিল।
অবরোধ, তাই গাড়ি নেই; দুর্ভোগের এই চিত্র ঢাকার রামপুরার
বাড্ডায় আটকে পড়া বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধের কারণে ভোগান্তির কোনো শেষ নেই। রোববারও আমাকে হেঁটে যেতে হয়েছে অফিসে। আজ মিটিং মিস হল।”
সুমিত সমাদ্দার থাকেন উত্তর বাড্ডায়, তার সাত বছর বয়সী মেয়ে পড়ে বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। স্কুল থেকে তার আবাসস্থলের পুরোটা পথ হেঁটেই যেতে হচ্ছিল গত তিন দিন।
“আমার ছোট্ট মেয়েটি কী অপরাধ করেছে, তা আমি বুঝতে পারছি না। আন্দোলন করবে ভালো কথা। কিন্তু জনগণের এ ভোগান্তির মানে কি,” প্রশ্ন করেন সুমিতা।
মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল মোড়ে সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী একটি অ্যাম্বুলেন্সকে আটকে রাখে ক্ষণিকের জন্য। রোগীর আত্মীয়-স্বজন ও পথচারীদের অনেক অনুনয়-বিনয়ের পর তারা অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেয়।
অ্যাম্বুলেন্স আটকে রাখার ছবি তুলতে গেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জয়ন্ত সাহার দিকেও তেড়ে আসে শিক্ষার্থীরা।
জয়ন্ত বলেন, “শিক্ষার্থীদের গলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলানো ছিল। সাংবাদিক পরিচয় দিলে তারা বলে, এখানে কোনো ছবি তোলা যাবে না।”
মহাখালীর ওয়ারলেস আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রাখার সময় সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আন্দোলনে যেন বহিরাগত ঢুকে না পড়ে, তাই আমরা মূল সড়ক দিয়ে শিক্ষার্থী ও পুলিশ বাদে কাউকে যেতে দিচ্ছি না। আমাদের নিরাপত্তার ইস্যুটিও আমাদের দেখতে হবে।”
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভ্যাট প্রত্যাহার নিয়ে সরকারের নমনীয় অবস্থানের প্রকাশ রোববারই দেখিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের নির্দেশনা অর্থমন্ত্রীকে দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে আন্দোলনকারীদের অবস্থানে শুরু হয় উল্লাস।
এরপর রামপুরা, ধানমণ্ডি, বনানী, উত্তরা ও গুলশানের অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে উৎসব শুরু করেন শিক্ষার্থীরা।
ভ্যাট প্রত্যাহারের ঘোষণার পর উল্লাসে বাড্ডায় ইউআইটিএস শিক্ষার্থীরা
ইউআইটিএসের সিএসই বিভাগের শিক্ষার্থী রিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যে পারে, সেটা আমরা করে দেখালাম। শিক্ষার্থীদের ন্যায্য দাবির মুখে সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিশোধের ঘোষণার পর আন্দোলন থেকে সরে দাঁড়ানো সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আসাদুজ্জমান রনো বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। ভ্যাট নিয়ে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়েছিল। তার অবসান হল।”
ধানমণ্ডির স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী হাবিব বলেন, “আমরা অত্যন্ত খুশী ও আনন্দিত। গত ৫দিন ধরে আমরা টানা আন্দোলন করছি। আমরা একটা সফল আন্দোলন করতে পেরেছি। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, শিক্ষা কোনো পণ্য নয়।”
স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্দের শিক্ষার্থী মেহেদি পাশা শুভ বলেন, “সরকারকে অভিনন্দন জানাই। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত যেন ভবিষ্যতে যেন না নেওয়া হয়।”
চট্টগ্রামেও বিক্ষোভ, যানজট
ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে শিক্ষার্থীদের এক ঘণ্টার সড়ক অবরোধ ও পরে মিছিলের কারণে যানজটের ভোগান্তিতে পড়তে হয় বন্দর নগরীর বাসিন্দাদের।
সকাল ১১টায় দ্বিতীয় দিনের মতো নগরীর ওয়াসার মোড়ে অবরোধ শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল ‘নো ভ্যাট, অন এডুকেশন’ লেখা পোস্টার।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, আইআইউসি, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, সাউর্দার্ন বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় এবং আইইউসি’র শিক্ষার্থীরা ছিল বিক্ষোভে।
চট্টগ্রামে ওয়াসা মোড়ে অবরোধ
রোববার অবরোধ চলাকালে সড়কের এক পাশে যানবাহন চললেও সোমবার অবরোধের শুরু থেকেই উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, গোল পাহাড় মোড়, মেহেদিবাগ, এসএস খালেদ রোড, টাইগার পাস ও দেওয়ানহাট অংশে যানজট ছড়িয়ে পড়ে।
বেলা পৌনে ১২টার দিকে ওয়াসার মোড়ে অবস্থানকারী পুলিশ ও সংবাদকর্মীরা আন্দোলনকারীদের জানায়, ঢাকায় এক মন্ত্রী ‘ভ্যাট প্রত্যাহার হতে পারে’ বলে জানিয়েছেন। এসময় আন্দোলনকারীদের মধ্যে কিছুটা দ্বিধা দেখা দেয়।
ওয়াসার মোড়ে দায়িত্বপালনকারী চকবাজার থানার এসআই নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলনকারীরা প্রথমে অবরোধ তুলতে রাজি হয়নি।
“পরে মোবাইলে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনলাইনে প্রকাশিত সংবাদ দেখালে তারা অবরোধ তুলে নেয়।”
আন্দোলনকারী শিক্ষার্থী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র মো. মাসুক কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে আমরা অবরোধ তুলে নিয়ে বিজয় মিছিল করেছি।”
[এই প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন জয়ন্ত সাহা, গোলাম মুজতবা ধ্রুব, ফয়সাল আতিক ও ওয়াহেদ প্রীতম]
