টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক ও এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কদিমধল্ল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি হুমায়ুন কবির জানান।
নিহতরা হলেন, ট্রাক চালক ব্রাহ্মণবাড়িয়া সদরের হাটিহাতা গ্রামের জমশের উদ্দিন (২৮) ও গরু ব্যবসায়ী একই উপজেলার ছাতিয়ান গ্রামের জয়নাল (৪০)।
ওসি বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী গরু ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লবণ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরু ভর্তি ট্রাকের চালক জমশের উদ্দিন ও গরু ব্যবসায়ী জয়নাল নিহত হন।
আহতদের মির্জাপুর কুমদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
