২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মেহেদী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মেহেদী হাসান মাসুদ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 12:45 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

Image
মেহেদী হাসান মাসুদ

মেহেদী হাসান মাসুদ

এছাড়া মামলার আরেক আসামিকে যাবজ্জীবন এবং দুইজনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন আবদুল মজিদ ডালিম। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মো. জাহাঙ্গীর আলমকে।

তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানার পাশাপাশি জাহাঙ্গীরকে জরিমানা অনাদায়ে একবছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে বলে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাহফুজুর রহমান লিখন জানিয়েছেন।

আর হত্যার আলামত গোপনের দায়ে দুই আসামি মো. ইদুল ও ফারুক হোসনকে ৫ বছর করে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চার আসামির মধ্যে ফারুক পলাতক। আদালতে ডালিম, জাহাঙ্গীর ও ইদুলকে হাজির করা হয়।

রায়ের বিবরণে বলা হয়, ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর চাকরিচ্যুত গাড়িচালক আবদুল মজিদ ডালিমের ফোন পেয়ে মেহেদী হাসান মাসুদ তার সাভারের গেণ্ডা এলাকার বাসা থেকে নিজের গাড়ি নিয়ে বের হন।

পরদিন ঢাকা-টাঙ্গাইল সড়কের মির্জাপুর শুভুল্যা ব্রিজের নীচ থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়। ওইদিনই মির্জাপুর থানার এসআই বিমল চন্দ্র পাইন মামলা করেন।

মামলায় বলা হয়, চাকরি হারিয়ে মেহেদীর ওপর ক্ষুদ্ধ ছিলেন ডালিম।

২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর সিআইডির টাঙ্গাইল জেলার পরিদর্শক জাফর ইকবাল চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।

বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, “এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত হলেও মূল পরিকল্পনাকারী ডালিমকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বাকিদের হত্যায় সহযোগিতা করার জন্য কম শাস্তি দেওয়া হয়েছে।” 

আইনজীবী লিখন জানান, আসামিদের মধ্যে ইদুল ও জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

রায়ে সন্তুষ্টি জানিয়েছেন নিহতের বাবা জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পিএম রফিক ও মা একই ব্যাংকে কর্মরত আমেনা বেগম।

পুরনো খবর:

সাবেক ব্যাংক কর্মকর্তা মেহেদী হত্যা মামলার রায় পিছিয়েছে