২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ব্যাংক কর্মকর্তা মেহেদী হত্যা মামলার রায় পিছিয়েছে

বিচারক অসুস্থ থাকায় ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তা টিএম মেহেদী মাসুদ হত্যা মামলার রায়ের দিন পিছিয়ে ১৪ সেপ্টেম্বর রাখা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদারের এ রায় ঘোষণার কথা ছিলো।

অসুস্থতার কারণে তিনি আদালতে না আসায় দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম রায়ের নতুন দিন ঠিক করে দেন বলে ট্রাইব্যুনালের পেশকার আবুল কালাম আজাদ জানান।

২০১১ সালের ১৬ সেপ্টেম্বর বিকালে পূর্বপরিচিত আব্দুল মজিদ ডালিমের ফোন পেয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার সাবেক কর্মকর্তা টিএম মেহেদী মাসুদ ব্যক্তিগত গাড়িতে করে সাভারের জামগড়ায় যান।

পরদিন টাঙ্গাইলের মির্জাপুর শুভুল্যা ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ। পরে থানার উপ-পরিদর্শক বিমল চন্দ্র পাইন একটি হত্যা মামলা করেন।

২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর সিআইডির টাঙ্গাইল জেলার পরিদর্শক জাফর ইকবাল চারজন আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে মামলার বিচার শুরু হয়।

আসামিরা হলেন- আব্দুল মজিদ ডালিম (৩৪), মো. ইদুল (২৬), মো. জাহাঙ্গীর আলম (২৬) ও ফারুক হোসেন (২৭)।

এদের মধ্যে ইদুল ও জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি ফারুক পলাতক, বাকিরা কারাগারে রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ১৯ জন সাক্ষ্য দিয়েছেন।