২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত্রতত্র গাড়ি পার্কিং ও হর্ন ব্যবহার বন্ধে পদক্ষেপের নির্দেশ

রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিং, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও শব্দ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 11:27 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ রোববার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেয়।

স্বরাষ্ট্র সচিব, পরিবেশ ও বন সচিব এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

যত্রতত্র গাড়ি পার্কিং, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও শব্দদূষণ বন্ধে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হোসাইন আল আমিন নামের এক আইনজীবী রিট আবেদনটি করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিং ও হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে ৩ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে ডেপুটি অ্যাটর্নি তাপস জানিয়েছেন।