নোয়াখালীতে গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়িতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার উপজেলার উত্তর পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনাইমুড়ি থানার ওসি হানিফুল ইসলাম জানান।
নিহত কাউসার আক্তার মুন্নি (২৭) ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মুন্নির স্বামী নয়ন বাদশা। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার সলটের চর গ্রামের আবদুস সোবহানের ছেলে ।
মুন্নির পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ১৯৯৮ সালে মুন্নি ও নয়নের বিয়ে হয়। এর পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন নয়ন। মাদকাসক্ত নয়ন প্রায়ই মুন্নির ওপর শারীরিক নির্যাতন চালাতো। এনিয়ে একাধিকবার সালিশও হয় এবং নয়নকে একবার আটকও করে পুলিশ।
“রোববার দুপুরে হাতুড়ি দিয়ে মুন্নির মাথায় আঘাত করে হত্যার পর লাশ ঘরে তালা দিয়ে পালিয়ে যান নয়ন।”
বিকালে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ ঘরের তালা ভেঙে মুন্নির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
