দুর্ঘটনায় ডা. সিরাজুল ইসলামসহ নিহত ৩
নরসিংদী সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে জিপের সংঘর্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মালিকসহ তিন জন নিহত হয়েছেন।
রোববার উপজেলার রাইনাদি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সুমনা হাসপাতালের মালিক ডা. সিরাজুল ইসলাম (৬০), তার মেয়ের শ্বশুর আ. খালেক (৬২) ও গাড়ি চালক অন্তু (৩৫)।
মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শাহ আলম জানান, ঢাকা থেকে মেয়ের শ্বশুরকে নিয়ে প্রাডো গাড়িতে (ঢাকা মেট্রো ঘ-১৩-২৭১৮) করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন সিরাজুল ইসলাম।
“রাইনাদি এলাকায় পুলিশ চেকপোস্টের কাছেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়িটি ধুমড়ে মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।
“উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
