আন্দোলনকারীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত
অবরোধের মধ্যে কয়েকজন বিদেশিকে গাড়ি থেকে নামিয়ে হেনস্তার ছবি তুলতে গিয়ে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন জ্যেষ্ঠ সাংবাদিক।
রোববার দুপুরে পান্থপথ মোড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার হামলার শিকার হন। এ সময় তার মোটরসাইকেলও ফেলে দেওয়া হয়।
লিটন জানান, সকালে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবরোধ শুরুর পর থেকেই তিনি সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় ছিলেন। পরে সেখান থেকে পান্থপথ ক্রসিং’এ সংবাদ সংগ্রহে যান।
দুপুরে বসুন্ধরা সিটির সামনে দিয়ে কয়েকজন বিদেশি চিকিৎসককে বহনকারী একটি গাড়ি স্কয়ার হাসপাতালে যাওয়ার সময় সিটি ইউনিভঅর্সিটির আন্দোলনকারীদের একটি দল তাদের আটকায়। এরপর তারা বিদেশিদের গাড়ি থেকে বের করে লাঞ্ছিত করে বলে জানান লিটন।
এক পর্যায়ে বিদেশি অতিথিরা ছাড়াও ওই গাড়িতে থাকা ছয়জন পায়ে হেঁটে স্কয়ার হাসপাতালে যান।
লিটন বলেন,“আমি মোবাইল ফোনে এ ঘটনার ছবি তুলতে গেলে তারা আমাকে বাধা দেয় এবং আমাকে লাঞ্ছিত করে। আমার মোটর সাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার ওপর রঙ স্প্রে করে।”
ছবি: লিটন হায়দার
ছবি: লিটন হায়দার
পরে তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য এসে তাকে উদ্ধার করে বলে জানান লিটন।
আশির দশকের শেষ ভাগ থেকে সাংবাদিকতায় থাকা লিটন হায়দার দেশের বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ২০০৭ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ঢাকার কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের অবারোধের কারণে ব্যাপক যানজট তৈরি হওয়ায় ব্যাপক ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
