২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত সন্দেহে আটক ৭

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকার খিলক্ষেত থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 09:04 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

আটকরা হলেন- একরামুল খায়ের ওরফে অপু, মো. আবদুল কাইয়ুম, মো. নাজমুল হাসান ওরফে নিপন, মো. ইব্রাহীম শেখ, মো. রাশেদুল ইসলাম শেখ, মো. আরিফুল ইসলাম ও এ এস এম তারেক আমিন।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার গভীর রাতে সাইবার ক্রাইম প্রতিরোধ দলের সদস্যরা ওই সাতজনকে আটক করে।

মহানগর গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রেপ্তাররা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল।”

গ্রেপ্তার অপু, কাইয়ুম, ইব্রাহীম ও রাশেদুল আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার আরিফ ও তারেক ‘এনলাইটেনড থিংকার’ ও ‘এএসএম তারেক আমিন’ নামের ফেইসবুক একাউন্ট থেকে হিজবুত তাহরীরের বিভিন্ন লিফলেট পোস্ট দেওয়া, অনলাইনে হিযবুত তাহরীরের রাজনৈতিক সম্মেলন আটকাতে প্রতিরক্ষা বাহিনীকে চ্যালেঞ্জ করাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস ও পোস্ট দিয়ে রাষ্ট্রীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিবি।