২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার পর ধর্ষিতার ভাই হাজতে, পরিবার সমাজচ্যুত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধর্ষণের অভিযোগে মামলা করার পর এক কলেজ ছাত্রীর পরিবারকে সমাজচ্যুত এবং তার ভাইকে ‘ষড়যন্ত্র’ করে গ্রেপ্তার করানোর অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 02:59 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

অপরদিকে ধর্ষণ মামলার আসামি আবুল বাশার (৩৭) প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ওই ছাত্রী ও তার পরিবার।

উপজেলার দেশীগ্রামের বাসিন্দা ওই ছাত্রীর পরিবারকে শুক্রবার সন্ধ্যায় এক সালিশে সমাজচ্যুত করা হয় বলে গ্রামের মাতব্বর আব্দুল বারিক মাস্টার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালিশ ডাকার পর ওই পরিবারের কেউ উপস্থিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

“সালিশে মাঝদক্ষিণা গ্রামের ডা. শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, আব্দুল মালেক তালুকদার, এশারত আলী বাবুসহ অনেক মাতব্বর উপস্থিত ছিলেন।”

এদিকে ওই ছাত্রীর ভাবী অভিযোগ করে বলেন, “বোনকে ধর্ষণের ঘটনায় মামলা করার কারণে আবুল বাশার গত ২৩ অগাস্ট বাড়ির কাছে বোমা রেখে আমার স্বামীকে র‌্যাব দিয়ে ধরিয়ে দেওয়ায় সে এখনও জেলহাজতে রয়েছে।

“আবার সালিশে সমাজচ্যুত করার পর আশপাশের সকলকে আমাদের সাথে কথা বলতে ও বাড়িতে যাতায়াত করতে বারণ করা হয়েছে। দোকানদাররাও কেউ সদাই বিক্রি করছে না।”

শনিবার সকালে এনজিওর দুই নারীকর্মী তাদের বাড়ি যাওয়ায় বাশারের লোকজন তাদের অপদস্থ করে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ধর্ষিতা ছাত্রী শনিবার বিকেলে মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ অগাস্ট রাত ১১টার দিকে বাশার তাকে ধর্ষণ করে।

“বাড়িতে মাটির ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পূর্বপাড়ার কলিম মাস্টারের ছেলে অবিবাহিত আবুল বাশার।

“গ্রাম্য সালিশে আপসের প্রস্তাব উপেক্ষা করে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা করলেও পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করেনি।”

এ বিষয়ে তাড়াশ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম বলেন, “আবুল বাশার অনেক দাপুটে লোক। সব সময় প্রচুর লোকজন নিয়ে ঘোরাফেরা করে। ধর্ষণ মামলার তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।”

ওই ছাত্রীর পরিবারকে সমাজচ্যুত করার বিষয়টি জানেন না বলে দাবি করেন ওসি।

এ বিষয়ে আবুল বাশার সন্ধ্যায় মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাড়াশ ও রায়গঞ্জ থানায় আমার নামে দায়ের হওয়া দুটি ধর্ষণ মামলা রয়েছে। দুটি মামলাই মিথ্যা।”

ধর্ষিতার ভাইকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করানোর অভিযোগও অস্বীকার করেন তিনি।