রাজধানীতে পুলিশের পিটুনিতে সাংবাদিক আহত
রাজধানীর পান্থপথ মোড়ে আরটিভির এক প্রতিবেদককে পিটিয়ে আহত করেছে পুলিশ।
আহত নাজিবউদ্দিন ফরায়েজী পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরটিভির প্রধান প্রতিবেদক শরীফ উদ্দিন লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যার পর নাজিব তার ভাবি ও তার চার দিনের ভাতিজাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন।
“অটোরিকশাটি পান্থপথ মোড়ে এলে ট্রাফিক পুলিশের লাঠির আঘাতে সেটির কাঁচ ভেঙে নাজিবের ভাতিজার কপালে লাগে। এ সময় নাজিব অটোরিকশা থেকে নেমে ঘটনার প্রতিবাদ করলে জাকির ও দেলোয়ার নামের দুই ট্রাফিক পুলিশ তাকে বেধড়ক মারধর করে।”
পরে স্থানীয়রা নাজিবকে পান্থপথের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে বলে জানান তিনি।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের উপকমিশনার (দক্ষিণ) রেজোয়ান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর পান্থপথ মোড় দিয়ে মহানগর পুলিশ কমিশনার যাবেন বলে পুলিশ সদস্যরা বাড়তি সতর্ক অবস্থায় ছিলেন। ওই সময় রাস্তার উল্টো পথ দিয়ে একটি অটোরিকশা যাওয়ার চেষ্টা করলে ট্রাফিক পুলিশ তাদের বাধা দেয়।
“এ সময় ট্রাফিক পুলিশের লাঠির আঘাতে অটোরিকশার সামনের কাচ ভেঙে গেলে ভিতর থেকে সাংবাদিক বেরিয়ে আসলে তার সঙ্গেও পুলিশ ‘অসৌজন্যমূলক’ আচরণ করেছে বলে অভিযোগ পেয়েছি।”
এ ঘটনার পর দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বিভাগীয় শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানালেও তাদের নাম বলেননি তিনি।
