বিলুপ্ত ছিটমহলে উন্নয়নকাজ শুরু ডিসেম্বরে
বিলুপ্ত ছিটমহলগুলোয় প্রায় ২০০ কোটি টাকার উন্নয়নকাজ আগামী ডিসেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বিলুপ্ত বশপচাঁই-ভিতরকুটি ছিটমহলে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “১১১ ছিটমহলে ১৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে। এর আওতায় কমিউনিটি ক্লিনিক, রাস্তাঘাট, স্কুলসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।
এসব উন্নয়নকাজের মধ্যে লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলে ৬০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান তিনি।
বিলুপ্ত ছিটমহলবাসীর উন্নয়নে প্রয়োজনে সরকারের কাছে আরো বরাদ্দের সুপারিশ করা হবে, বলেন তিনি।
এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ আল আমিন খাঁন এসময় উপস্থিত ছিলেন।
শ্যামা প্রসাদ অধিকারী পরে জেলার পাটগ্রাম উপজেলায় ১১২, ১১৯ নম্বর বাঁশকাটা পরিদর্শন করেন।
বিকালে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বিলুপ্ত বড়খানকি, বড়খানকি খারিজা গিতালদহ, খানকি খারিজা গিতালদহ ও নগর জিগাবাড়ি ছিটমহল পরিদর্শন করেন।
সেখানেও বিলুপ্ত ছিটমহলবাসীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি।
পরে শ্যামা প্রসাদ অধিকারী সাংবাদিকদের বলেন, “বিলুপ্ত ছিটমাহলগুলোর বাসিন্দাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ধারবাহিকতায় এসব এলাকায় রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে।”
এলজিইডি নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ জানান, ডিমলায় চারটি বিলুপ্ত ছিটমহলে প্রথম পর্যায়ে ২২ কোটি টাকা ব্যয়ে তিন দশমিক দুই কিলোমিটার সড়ক ও একটি সেতু নির্মাণ করা হবে।
