২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃতী ১০ নারীকে অনন্যার সম্মাননা

নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ১০ জন কৃতী নারীকে সম্মাননা দিয়েছে নারী বিষয়ক পাক্ষিক অনন্যা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 06:08 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

এদের মধ্যে বাংলাদেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সামরিক বাহিনীতে প্রথম দুই নারী বৈমানিক তামান্না-ই লুৎফি ও নাঈমা হকের পাশাপাশি রয়েছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজও।

শনিবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ২০১৪ সালের জন্য নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, কুমদিনী ট্রাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানার সঙ্গে সম্মাননা দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরামকেও।

ভাষাসৈনিক হিসাবে লায়লা নূর, রাজনীতিতে সম্মাননা পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

আইন ও মানবাধিকারে তুরিন আফরোজকে সম্মাননা দেওয়ার জন্য নির্বাচিত করেছে অনন্যা।

চিকিৎসায় ডা. তাহমিনা বানু, সমাজসেবায় রোকসানা সুলতানা, ভিজ্যুয়ার  আর্ট এ নাজিয়া আন্দালিব প্রিমা এই সম্মাননা পেয়েছেন। খেলাধূলায় সালমা খাতুন।

বাংলাদেশ সামরিক বাহিনীর প্রথম নারী পাইলট হিসাবে নাইমা হক ও তামান্না-ই-লুৎফি সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, “নারীদের এগিয়ে নেওয়ার জন্য আরও প্রতিষ্ঠান বাড়ানো হলেই নারীরা এগিয়ে যাবে। গ্রামে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।”

সম্মাননা নিয়ে মেহের আফরোজ চুমকী বলেন, “একজন নারী অন্যজনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নারীরা অনেক দূর এগিয়ে যাবে।”