২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত নিবন্ধক মোর্শেদ উল আলম রনি জানিয়েছেন।

এবছর ছয়টি ইউনিটের অধীনে ২১টি বিভাগে ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবারই প্রথম ভর্তিতে তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা শুরু হবে ৬ ডিসেম্বর। শেষ হবে ১০ ডিসেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

এবছর ‘এ’ ইউনিটে আবেদন ফি ৪৪০ টাকা, ‘বি’ ইউনিটের ৬০৫ টাকা, ‘সি’ ইউনিটের ৪৯৫ টাকা, ‘ডি’ ইউনিটের ৪৯৫ টাকা , ‘ই’ ইউনিটের ৩৮৫ টাকা ও ‘এফ’ ইউনিটের জন্য ৩৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.brur.ac.bd থেকে জানা যাবে।