কুড়িগ্রামে গাঁজাসহ গ্রেপ্তার ৩
কুড়িগ্রাম সদরে গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের ত্রিমোণী বাজার এলাকা একটি ট্রাকে তল্লাশি করে গাঁজা উদ্ধার ও তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহানী।
গ্রেপ্তারকৃতরা হলেন-নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের আব্দুল সফিউদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২২), ট্রাক চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে নজিবুর রহমান (২০) ও তার সহকারী একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মোতালেব (৩৫)।
পুলিশ কর্মকর্তা রুহানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোণী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে বগুড়াগামী একটি মিনি ট্রাক থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ট্রাক চালকসহ তিন জনকে।
