গাইবান্ধায় ডায়রিয়া পরিস্থিতির অবনতি
গাইবান্ধায় ডায়রিয়া পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।
হাসপাতালে ঠাঁই না হওয়ায় ভবনের বাইরে হাসপাতালের আউটডোরের মেঝে ও করিডোরে পর্যন্ত রোগীদের রাখা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে ডাক্তার নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ৯৫ জন হাসপাতাল ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ এত রোগী সামাল দিতে হিমসিম খাচ্ছে।
শুক্রবার হাসপাতালে ১৯৫ জন ভর্তি থাকলেও জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন আরও ৩৩ জন।
সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, পরিস্থিতি সামাল দিতে ডাক্তার নার্সসহ সব স্টাফের ছুটি বাতিল করা হয়েছে।
রোগীদের চিকিৎসার জন্য স্যালাইন বা ওষুধের সংকট নেই জানিয়ে তিনি বলেন, পথ্য হিসেবে রোগীদের চিড়া কলাও সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অধিকাংশই শহর ও শহরতলীর বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের কেউ বলছেন- গাইবান্ধা পৌরসভার সরবরাহ করা পানি ও টিউবয়েলের পানি পান করার পর অসুস্থ হয়েছেন।
আবার অনেকের ধারণা বন্যার সময় ভেসে আসা মাছ খেয়ে আক্রান্ত হবার ঘটনা ঘটতে পারে বলে জানান।
অনেকেই বলছেন, স্বাভাবিক খাবার খেয়েও তারা কেন আক্রান্ত হলেন তা বুঝতে পারছেন না।
তবে কী কারণে হঠাৎ ডায়রিয়া দেখা দিল তা জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক এস আই এম শাহিন জানান, বিষয়টি জানতে সার্ভে টিম গঠন করা হয়েছে। তারা এখনও রির্পোট প্রদান করেননি।
