ভ্যান চাপায় নারী শ্রমিক নিহত
গাজীপুরে রিকশা থেকে ছিটকে পড়ে কভার্ডভ্যানের চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ওই নারীর স্বামী।
শুক্রবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মানিক।
নিহত পার্বতী বালা (২৩) বগুড়ার বানিয়াজান গ্রামের বাসিন্দা আনন্দ কুমারের স্ত্রী ও স্থানীয় টিসিইএল পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
আহত আনন্দ কুমারকে (৩৫) স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা মানিক জানান, কারখানায় কাজ শেষে স্বামী আননন্দকে নিয়ে রিকশা করে কোনাবাড়ি থেকে মৌচাক যাচ্ছিলেন পার্বতী। পথে একটি কভার্ডভ্যান পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যান তারা।
“এ সময় একটি কভার্ডভ্যান পার্বতীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
কভার্ডভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
